বুধবার সকালে সচিবালয়ে নিজের দপ্তরে প্রবেশের প্রাক্কালে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার বিশেষ ভ্রাম্যমাণ ল্যাবরেটরি ভ্যান পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরের নিচে রাখা এই অত্যাধুনিক পরীক্ষাগারের ভেতরে প্রবেশ করে তিনি সরাসরি খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন। এ সময় দায়িত্বরত কর্মকর্তারা তাকে ল্যাবটির কার্যকারিতা ও প্রযুক্তিগত বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। তিনি আজ (বুধবার, ১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে ভ্রাম্যমাণ ল্যাব বা পরীক্ষাগারটি পরিদর্শন করেন।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রীর সামনে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমানে দেশের ৮টি মহানগর এলাকায় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে নিয়মিত খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম চলছে। দেশের ৬৪টি জেলায় ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে পর্যায়ক্রমে এই কার্যক্রম সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই নজরদারি প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চলতি ২০২৬-২৭ অর্থবছরে আরও ৭২টি ভ্রাম্যমাণ ল্যাব ভ্যান সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ভ্যানগুলোতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে; ভ্যানের বাইরের অংশে থাকা মনিটরের মাধ্যমে খাদ্য নিরাপত্তা বিষয়ক নানা সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়।
পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং জনপ্রশাসন সচিব কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply