পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দুর্গাপূজা শেষে বাড়ি ফেরার পথে কালিগঙ্গা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে এবং তার মা এখনো নিখোঁজ রয়েছেন।
সোমবার রাত ৯টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু অর্পিতা বেপারী (৯) জেলার নেছারাবাদ উপজেলার ভরতকাঠি গ্রামের বাসিন্দা শংকর বেপারীর কন্যা। নিখোঁজ রিনা বেপারী (৩৫) শংকর বেপারীর স্ত্রী। জানা গেছে, পূজা দেখার উদ্দেশ্যে শংকর বেপারী স্ত্রী রিনা ও মেয়ে অর্পিতাকে নিয়ে ভরতকাঠি থেকে শ্রীরামকাঠিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই কালিগঙ্গা নদীতে নৌকায় এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা ও পিরোজপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক রায়হানুর আশরাফ জানান, ঘটনার রাতে অন্ধকার ও প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধারকাজ চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। ফলে তাৎক্ষণিকভাবে অভিযান স্থগিত করা হয়। তবে মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ রিনা বেপারীকে উদ্ধারে পুনরায় ফায়ার সার্ভিসের ডুবুরিদল অভিযান শুরু করেছে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয় প্রশাসন উদ্ধার কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।
Leave a Reply