1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 7:52 am

জাপানের সহায়তায় উন্নয়ন প্রকল্প সময়মতো শেষ করার তাগিদ

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Monday, October 26, 2026
  • 49 দেখা হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার জাপানের স্থানীয় সময় বিকাল ৫টা ১০ মিনিটে এই বৈঠকটি হয়। এ সময় জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই এবং সংস্থাটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ২০২৬ সালের জুলাই মাসে ঢাকা সফরে জাইকা প্রেসিডেন্টের সঙ্গে হওয়া ফলপ্রসূ আলোচনার কথা স্মরণ করেন। তিনি বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি ও অবকাঠামোগত উন্নয়নে জাপানের দীর্ঘমেয়াদী সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন আকাঙ্ক্ষা পূরণে জাপানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলমান বৃহৎ প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন এবং অনুমোদনের অপেক্ষায় থাকা অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুততর করার আহ্বান জানান। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করে বাংলাদেশের উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে জাপানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি, অনুমোদনের অপেক্ষায় থাকা অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর অনুমোদন ও বাস্তবায়ন ত্বরান্বিত করার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জাপানের কাছে সহজ শর্তে ঋণসহায়তা অব্যাহত রাখা এবং কারিগরি সহযোগিতার পরিধি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ–জাপান দক্ষতা উন্নয়ন অংশীদারত্ব, প্রযুক্তি ও উদ্ভাবন নগরী গড়ে তোলা, কৃষির আধুনিকায়ন ও প্রক্রিয়াজাতকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতে সহযোগিতার ওপর জোর দেওয়া হয়। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি মাথায় রেখে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাজেট সহায়তার অনুরোধও জানিয়েছে বাংলাদেশ। এছাড়াও বৈশ্বিক জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি বিবেচনায় গত বছরের মতো দেশের জ্বালানি চাহিদা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাজেট সহায়তা প্রদানের অনুরোধ জানানো হয়।

জাইকার প্রেসিডেন্ট বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে একযোগে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, উভয় দেশের এই যৌথ উদ্যোগ কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে এবং অভিন্ন সমৃদ্ধি অর্জনে সহায়ক হবে।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এছাড়াও প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দীকী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira