নেত্রকোণার পূর্বধলা ও আটপাড়া উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার পৃথক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুরা হলো পূর্বধলা উপজেলার কাঁদাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাহাত হাসান (৬) এবং আটপাড়া উপজেলার পাহাড়পুর গ্রামের রিপন মিয়ার ছেলে নাফিস (সাড়ে ৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির আঙিনায় খেলাধুলার সময় পরিবারের সদস্যদের অগোচরে রাহাত বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে, একই দিন সকাল ১১টার দিকে আটপাড়া উপজেলার পাহাড়পুর গ্রামে বাড়ির উঠানে খেলার সময় নাফিস পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক কৌশিক দাস জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পৃথক এই দুটি ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
Leave a Reply