ইতালির মিলানে আন্তর্জাতিক গার্মেন্টস, টেক্সটাইল ও ফ্যাশন সোর্সিং মেলা ‘রেডি টু শো’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ইউরোপের অন্যতম বৃহৎ এই বাণিজ্য আসরে বাংলাদেশের তৈরি পোশাক, টেক্সটাইল এবং চামড়াশিল্পের ১৪টি প্রতিষ্ঠান তাদের পণ্যের পসরা সাজিয়েছে। আজ শনিবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
ইপিবির আর্থিক সহায়তায় এবং রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিলানের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সার্বিক ব্যবস্থাপনায় এই মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মূলত আন্তর্জাতিক পোশাক প্রস্তুতকারক, ব্র্যান্ড, ডিজাইনার এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ক্রেতাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে এই বিজনেস টু বিজনেস (বিটুবি) প্রদর্শনীটি আয়োজন করা হয়, যা বিশ্ববাজারে অত্যন্ত স্বীকৃত একটি প্ল্যাটফর্ম।
এবারের মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রাইনো অ্যাপারেলস, ফোকাস অ্যাপারেলস বিডি, মাসকম কম্পোজিট, নাইস কম্পোজিট টেক্সটাইল, ইকো হিলিং অ্যাকসেসরিজ, আহাভা কম্পোজিট, স্পার্টান ফ্যাশন, ঐলি ফ্যাশন, হাওলাদার ট্রেডিং, ডে ফ্যাশন, নিটেক্সপো ইন্টারন্যাশনাল, এশিয়া প্যাসিফিক জোন, চিটাগং ফোর ব্রাদার্স অ্যাপারেলস এবং সিম ফেব্রিকস।
ইপিবির মেলা ও প্রদর্শনী বিভাগের পরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন জানান, এই মেলায় অংশ নেওয়ার মূল লক্ষ্য হলো দেশের রপ্তানি বাজারের বহুমুখীকরণ ও সম্প্রসারণ। একই সঙ্গে মূল্য সংযোজিত তৈরি পোশাক, টেক্সটাইল ও চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক প্রচার চালানো এবং ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ এই প্রদর্শনীতে অংশ নিয়েছে।
Leave a Reply