ভারতের পশ্চিমবঙ্গের রেজিনগরে উপনির্বাচনের ভোটগ্রহণ চলাকালে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় ও ধস্তাধস্তির ঘটনায় আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রধান ও বিধায়ক হুমায়ুন কবিরকে আটক করা হয়েছে। মঙ্গলবার দলীয় কার্যালয়ে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ তাকে জামা ধরে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যায়।
ভোট শুরু হওয়ার পর থেকেই হুমায়ুন কবির পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করে আসছিলেন। তার অভিযোগ ছিল, তার বাড়ি ও ভোটকেন্দ্রের আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে ভোটারদের ভয় দেখানো হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে ভোট দেওয়ার পরও তিনি পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই পুলিশ তার দলীয় কার্যালয়ে পৌঁছায় এবং সেখানে উভয়পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ হয়।
প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রেজিনগর ও নওদা—উভয় আসন থেকেই জয়ী হয়েছিলেন হুমায়ুন কবির। পরবর্তীতে নওদা আসনটি নিজের কাছে রেখে রেজিনগর আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই উপনির্বাচনে এজেইউপির প্রার্থী হিসেবে লড়ছেন কবিরের ছেলে গোলাম নবী আজাদ।
রেজিনগর ছাড়াও নন্দীগ্রাম বিধানসভা আসনেও উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। রেজিনগর আসনে কবিরের দলের প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন বিজেপির সাখারাভ সরকার, তৃণমূলের রাবিউল আলম চৌধুরী ও সফিউজ্জামান শেখ, কংগ্রেসের মোহাম্মদ আবদুল্লাহিল কাফি এবং সিপিএমের সৈয়দ আসাদ আলী।
Leave a Reply