চলতি বছরের প্রথম নয় মাসে বিশ্বজুড়ে পর্যটন মানচিত্রে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে কাতার। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ২৬ লাখ ১৪ হাজার পর্যটক ভ্রমণ করেছেন। মঙ্গলবার প্রকাশিত কাতার ট্যুরিজমের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পর্যটন খাতের এই ইতিবাচক ধারা অব্যাহত রেখে কেবল সেপ্টেম্বর মাসেই ২ লাখ ৭৬ হাজার মানুষ কাতার সফর করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ১ শতাংশ বেশি। গত বছর একই মাসে এই সংখ্যা ছিল ২ লাখ ৭৩ হাজার। অর্থাৎ এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরে দর্শনার্থীর সংখ্যা বেড়েছে ১ দশমিক ১ শতাংশ।
পর্যটকদের উৎসের দিকে তাকালে দেখা যায়, উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসিভুক্ত দেশগুলো থেকে সর্বোচ্চ সংখ্যক মানুষ কাতারে এসেছেন। এ অঞ্চল থেকে আসা ১০ লাখ ৬৯ হাজার পর্যটক মোট দর্শনার্থীর ৪০ দশমিক ৯ শতাংশ দখল করে আছে। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়া ও ওশেনিয়া অঞ্চল, যেখান থেকে ৫ লাখ ৪৮ হাজার পর্যটক এসেছেন। এটি মোট পর্যটকের ২১ শতাংশ।
ইউরোপীয় পর্যটকদের আগ্রহও ছিল চোখে পড়ার মতো। প্রথম নয় মাসে ইউরোপ থেকে ৫ লাখ ৩৮ হাজার দর্শনার্থী কাতারে এসেছেন, যা মোট পর্যটকের ২০ দশমিক ৬ শতাংশ। এছাড়া আমেরিকা অঞ্চল থেকে ১ লাখ ৯০ হাজার বা ৭ দশমিক ৩ শতাংশ, অন্যান্য আরব দেশ থেকে ১ লাখ ৮৪ হাজার বা ৭ শতাংশ এবং আফ্রিকান দেশগুলো থেকে প্রায় ৮৪ হাজার বা ৩ দশমিক ২ শতাংশ পর্যটক কাতারে প্রবেশ করেছেন। বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকদের এই ধারাবাহিক আগমন দেশটির পর্যটন খাতের সামগ্রিক প্রবৃদ্ধির প্রতিফলন ঘটাচ্ছে।
Leave a Reply