রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের একটি নতুন চালান ঢাকায় এসে পৌঁছেছে। রাশিয়ার একটি বিশেষ এয়ার কার্গো বিমান আকাশপথের যাবতীয় জটিলতা পেরিয়ে ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে ২০২৩ সালে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জ্বালানি বাংলাদেশে এসেছিল, যা চলতি বছরের মে মাসে সফলভাবে চুল্লিতে স্থাপন করা হয়েছে।
প্রকল্পের কার্যক্রম অনুযায়ী, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যে আরও ৯টি ফ্লাইটে ইউরেনিয়াম দেশে আসবে। এই চালানগুলোর মাধ্যমে প্রথম ইউনিটের জন্য আরও ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বল আনা হবে। এগুলো কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে আকাশপথে বাংলাদেশে পৌঁছাবে।
এদিকে রূপপুর প্রকল্পের স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের কার্যকারিতা পরীক্ষার কাজ চলছে। ইতোমধ্যে প্রথম দুটি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলেও তৃতীয়টিতে প্রত্যাশিত ফলাফল পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৃতীয় ভালভটি পুনরায় পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।
Leave a Reply