ডেঙ্গু পরিস্থিতির বিস্তার রোধে জনসচেতনতা তৈরির ওপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক সভায় তিনি পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় ডেঙ্গু সচেতনতামূলক বক্তব্য দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস খুবই গুরুত্বপূর্ণ। তাই ডেঙ্গুর বিস্তার রোধে সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি যেসব এলাকায় সংক্রমণের হার বেশি, সেখানে বিশেষ নজরদারি ও প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দেন। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় ডেঙ্গু প্রতিরোধে সরকারি আবাসিক কোয়ার্টার এবং হাসপাতাল প্রাঙ্গণ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে আন্তঃবিভাগীয় সমন্বয় বাড়ানোর ওপর সভায় জোর দেওয়া হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
Leave a Reply