যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার শিকার হতে হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান এ ঘটনাকে ‘আওয়ামী সন্ত্রাস’ বলে মন্তব্য করেন। তিনি স্পষ্টভাবে জানান, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কোনো সমর্থক যদি এমন কর্মকাণ্ড চালানোর চেষ্টা করেন, তবে সরকার তা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
উপদেষ্টা বলেন, সাবেক প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের যে ভিভিআইপি মর্যাদা প্রাপ্য, সেখানে কোনো ঘাটতি ছিল কি না, তা সরকার তদন্ত করে দেখবে। তিনি আরও উল্লেখ করেন, জুলাই আন্দোলনের সময়ও অনেক ব্যক্তি একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, যা মূলত আওয়ামী লীগের সন্ত্রাসমূলক আচরণের বহিঃপ্রকাশ।
গণমাধ্যম সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান জানান, প্রতিটি গণমাধ্যমের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে ঘটনার ব্যাখ্যা দেওয়ার অধিকার রয়েছে, তবে আইনি সীমা অতিক্রম করলে ক্ষতিগ্রস্তরা আইনগত ব্যবস্থা নিতে পারেন। তিনি জানান, অপসাংবাদিকতা রোধে প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে এবং সংশ্লিষ্ট আইন পরিবর্তনের কাজ চলমান রয়েছে।
Leave a Reply