আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত ‘এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠা বিষয়ক’ (সিআইসিএ) সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বক্তব্য দেওয়ার সময় বাংলাদেশ প্রতিনিধি দল ওয়াকআউট করেছে। বৃহস্পতিবার সম্মেলন চলাকালে ইসরাইলি প্রেসিডেন্ট বক্তব্য শুরু করলে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ অন্য প্রতিনিধিরা সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, শুধু বাংলাদেশ নয়, একই সময়ে আরও বেশ কিছু দেশ ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালীন হল ত্যাগ করে। ফিলিস্তিনের গাজায় ইসরাইলের চলমান সামরিক আগ্রাসন ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ হিসেবে এই কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য যে, গত বুধবার দিবাগত রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাকুতে এই শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেন। দুইদিনব্যাপী এই সম্মেলনে এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে। সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এশীয় দেশগুলোর মধ্যে অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন। তিনি সদস্য দেশগুলোর মধ্যে ফলাফলভিত্তিক প্রকল্প বাস্তবায়ন, বিভিন্ন অংশীজনের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যালেঞ্জ মোকাবিলায় আইসিটি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বিনিময় বাড়ানোর ওপর জোর দেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত সিআইসিএ ফোরামের মূল লক্ষ্য হলো এশিয়াজুড়ে শান্তি ও নিরাপত্তা সুসংহত করা। এবারের সম্মেলনে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য আজারবাইজানকে সিআইসিএ-এর সভাপতিত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে, সংগঠনের পরবর্তী মহাসচিব হিসেবে মহামান্য সুলতান হাজিয়েভের নিয়োগও আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে।
Leave a Reply