1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 5:50 am

কাতারের বাংলাদেশ স্কুলে বিজ্ঞান ও চারুকলা প্রদর্শনী ২০২৬

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Thursday, October 15, 2026
  • 40 দেখা হয়েছে

কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ‘বিজ্ঞান মেলা ও চারু-কারুকলা প্রদর্শনী ২০২৬’। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আয়োজিত এই উৎসবে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, শিল্পবোধ এবং উদ্ভাবনী চিন্তাশক্তির এক দারুণ সমন্বয় দেখা গেছে। বিদ্যালয় প্রাঙ্গণটি যেন মেধা, মনন ও স্বপ্নের এক মিলনমেলায় পরিণত হয়েছিল, যেখানে পাঠ্যবইয়ের অর্জিত জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা ও অনুসন্ধিৎসু মনের বহিঃপ্রকাশ ঘটেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মোঃ ওয়ালিউর রহমান। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদানি ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মোঃ ইউসুফ আলতাহির, প্যালেস্টাইন স্কুলের অধ্যক্ষ ড. আব্দেল মুসলেহ, ব্রাইট ফিউচার ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মোঃ আলী জুলকারনাইন এবং শ্রীলংকান স্কুলের সিনিয়র শিক্ষক মিস্টার জিওয়ানথা ও মিস্টার চামারা। এসময় বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে বিগ্রেডিয়ার জেনারেল মোঃ ইশতিয়াক আহমদ, দাতা সদস্য মোঃ আব্দুল মতিন পাটোয়ারী, গভর্নিং বডির সদস্য মোঃ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ মাহমুদুল হাসান ও ইঞ্জিনিয়ার মোঃ মনিরুল হক এবং অভিভাবক-শিক্ষক সংগঠনের সভাপতি মোঃ ফিরুজ আহমদসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে শিক্ষার্থীদের সৃজনশীলতার বিশাল এক সমারোহ ছিল। প্রভাতী শাখার কেজি-১ থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের তৈরি ৩০৮টি চারু ও কারুকলার চিত্রকর্ম প্রদর্শিত হয়। অন্যদিকে, পঞ্চম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা ১৯৫টি বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করে। এছাড়া দিবা শাখার প্রাথমিক পর্যায়ের ১৫০টি এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ৭৫টি সৃজনশীল চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পায়। প্রতিটি প্রকল্পই শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনার বাস্তব চিত্র তুলে ধরেছে।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ ওয়ালিউর রহমান শিক্ষার্থীদের বৈজ্ঞানিক কৌতূহল ও উদ্ভাবনী মানসিকতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও সমালোচনামূলক চিন্তাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের সৃজনশীলতা চর্চায় উৎসাহ প্রদান করে তিনি জানান, বাস্তব কর্মকাণ্ড ও বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে অর্জিত জ্ঞান শিক্ষাজীবনকে আরও অর্থবহ করে তোলে।

বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ হোসাইন আহমদ শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের কঠোর পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, পাঠ্যবইয়ের জ্ঞানের সঙ্গে বাস্তব প্রয়োগের সংযোগ ঘটিয়ে শিক্ষার্থীদের অনুসন্ধানী মনকে উৎসাহিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং তাদের উদ্ভাবনী চিন্তাকে বৃহত্তর দর্শকদের সামনে উপস্থাপনের সুযোগ তৈরি হয়েছে। অভিভাবক ও কমিউনিটির সদস্যদের উপস্থিতিতে পুরো আয়োজনটি শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার এক উজ্জ্বল প্রদর্শনী হিসেবে সফলভাবে সম্পন্ন হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira