রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রক্রিয়া শুরু করতে কাজ এগিয়ে চলছে। বর্তমানে কেন্দ্রটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি পরীক্ষা চলমান রয়েছে। পাশাপাশি দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং এবং রিঅ্যাক্টর চালুর লক্ষ্যমাত্রা আগামী বছরের জুন মাস নাগাদ নির্ধারণ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ত্রয়োদশ বৈঠকে প্রকল্পের এই অগ্রগতির বিষয়টি তুলে ধরা হয়।
কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে রুশ রাষ্ট্রায়ত্ত পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের সঙ্গে চলমান আলোচনার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ শুরুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। বৈঠকে জানানো হয় যে, এটি একটি তৃতীয় প্রজন্মের আধুনিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে প্রকল্পের কাজ সম্পন্ন হচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞদের মূল্যায়ন অনুযায়ী, প্রকল্পটি সঠিক পথেই এগিয়ে চলছে।
বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য উন্নয়নমূলক কাজেরও পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে দেশের স্বাস্থ্য খাতের জন্য নিউক্লিয়ার মেডিসিনের সুবিধা জেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়া এবং বাংলাদেশের প্রথম গবেষণা জাহাজ নির্মাণের কাজ চলমান রয়েছে। সভায় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামসহ কমিটির সদস্যরা। মন্ত্রণালয়টির সচিব মো. আনোয়ার হোসেন এবং বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত থেকে প্রকল্পের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
কমিটির পক্ষ থেকে ভবিষ্যৎ প্রজন্মের বিজ্ঞান ও উদ্ভাবনমুখী চর্চাকে উৎসাহিত করতে স্কুল ও কলেজ পর্যায়ে বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ করা হয়েছে। এছাড়া দেশীয় উদ্ভাবনসমূহকে বাণিজ্যিকভাবে কাজে লাগিয়ে রপ্তানি বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা আয়ের পথ সুগম করতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
Leave a Reply