1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 8:00 am

পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে এবি পার্টির প্রতিনিধিদলের বৈঠক

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Thursday, October 15, 2026
  • 41 দেখা হয়েছে

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর একটি প্রতিনিধিদল। বুধবার গুলশানে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে অনুষ্ঠিত এই বৈঠকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেন। উভয় পক্ষ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন।

বৈঠকের আলোচনায় ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও মেডিক্যাল ট্যুরিজম এবং সাংস্কৃতিক বিনিময়ের বিভিন্ন সম্ভাবনা নিয়েও দুই পক্ষ মতবিনিময় করে। আলোচনার এক পর্যায়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব এবং মক্কা চুক্তিতে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়টিও উঠে আসে।

সাক্ষাৎকালে হাইকমিশনার ইমরান হায়দার তাঁর বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পর এবি পার্টির নেতৃবৃন্দের পক্ষ থেকে তাঁর পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ায় এবং সহমর্মিতা প্রকাশ করায় বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। বাংলাদেশে দায়িত্ব পালনকালীন নিজের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি এ দেশের মানুষের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন হাইকমিশনার। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এই সৌজন্য সাক্ষাতে পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ। এবি পার্টির প্রতিনিধিদলে চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভূঁইয়া, আবদুল্লাহ আল মামুন রানা এবং ব্যারিস্টার আব্বাস ইসলাম খান। পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira