সাইবার হামলার আশঙ্কায় গত বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট আজ রোববার সকাল আটটা থেকে পুনরায় সচল হয়েছে। তিন দিন বন্ধ থাকার পর নিরাপত্তা ঝুঁকি কাটিয়ে এটি ব্যবহারকারীদের জন্য খুলে দেওয়া হয়। তবে ওয়েবসাইট বন্ধ থাকলেও দেশের সাধারণ গ্রাহকদের ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং লেনদেনে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি, সব কার্যক্রম স্বাভাবিক ছিল।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিতে কোনো ধরনের ত্রুটি রয়েছে কি না তা যাচাই করা হয়েছিল। বৈশ্বিক পর্যায়ে সাইবার হামলার শঙ্কা তৈরি হওয়ায় আগাম সতর্কতা হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঝুঁকি কেটে যাওয়ায় এখন ওয়েবসাইটটি আবারও উন্মুক্ত করা হয়েছে।
মূলত বিশ্বব্যাপী পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর থেকেই অনলাইন নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়। সরকারি সেবা, ব্যাংকিং খাত, ই-কমার্স ও সংবাদমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনার প্রধান ভিত্তি এই ল্যাঙ্গুয়েজ। এর ত্রুটি ধরা পড়ার পর গত বুধবার রাত থেকে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটগুলো সাময়িকভাবে বন্ধ করে দেয়।
বিবিসি ও রয়টার্সের তথ্য অনুযায়ী, বিষয়টি সামনে আসার পর বিভিন্ন দেশ জরুরি ব্যবস্থা নিলেও বিশ্বজুড়ে লাখ লাখ হ্যাকিংয়ের প্রচেষ্টার ঘটনা ঘটেছে। ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বব্যাপী অনেক প্রতিষ্ঠানই সতর্কতামূলক অবস্থানে রয়েছে।
Leave a Reply