1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 7:53 am

জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান গড়ার চূড়ান্ত সিদ্ধান্ত

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, August 18, 2026
  • 48 দেখা হয়েছে

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুটি স্বতন্ত্র ও স্বচ্ছ প্রতিষ্ঠান গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন এই কাঠামোয় একটি প্রতিষ্ঠান রাজস্ব নীতি বিভাগ হিসেবে কাজ করবে, অন্যটি রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ হিসেবে দায়িত্ব পালন করবে।

অর্থমন্ত্রী জানান, রাজস্ব নীতি বিভাগ সরকারের ‘থিংক ট্যাংক’ হিসেবে কাজ করবে। বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই বিভাগ একটি ভারসাম্যপূর্ণ ও উন্নয়নবান্ধব কর কাঠামো তৈরিতে কাজ করবে। অন্যদিকে, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ ‘অ্যাকশন টিম’ হিসেবে রাজস্ব আদায়ের মূল দায়িত্ব পালন করবে। কর প্রদান প্রক্রিয়া সহজ করা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করাই এই পরিবর্তনের মূল লক্ষ্য।

দেশের অর্থনীতির আকার বাড়লেও রাজস্ব আহরণের সক্ষমতা সেই অনুপাতে বাড়েনি বলে মন্তব্য করেন আমির খসরু। তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরে ৬ লাখ ৪ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৪৬ শতাংশ বেশি। এই উচ্চাভিলাষী লক্ষ্য অর্জনে করের আওতা বাড়ানো, কর ফাঁকি রোধ এবং অটোমেশনের ওপর জোর দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ঋণনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যেতে চায় বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, উন্নয়নের জন্য নিজস্ব অর্থায়ন নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সম্পূর্ণ ‘কন্টাক্ট-ফ্রি’ ও ‘ফেসলেস’ রাজস্ব প্রশাসন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া করদাতাদের কর্মকর্তাদের কাছে যাওয়ার সংস্কৃতি বন্ধ করার কথাও জানান তিনি।

বাংলাদেশের কর-জিডিপি অনুপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে এই হার ৬ দশমিক ৮ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৭ শতাংশে নেমেছে। ২০২৩ সালে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে গড় কর-জিডিপি অনুপাত ছিল ১৯ দশমিক ৫ শতাংশ, যেখানে বাংলাদেশের ছিল মাত্র ৭ দশমিক ২ শতাংশ। এই কাঠামোগত দুর্বলতা কাটাতে আধুনিকায়ন ও অংশীদারিত্বের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

পরিশেষে আমির খসরু বলেন, রাজস্ব সম্মেলন কেবল হিসাব-নিকাশের জায়গা নয়, বরং এটি জাতীয় ঐকমত্য গঠনের একটি প্ল্যাটফর্ম। নিজস্ব অর্থায়নে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথ নির্ধারণে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira