ঝিনাইদহে বিসিআইসি সারের ডিলারশিপ বণ্টন নিয়ে অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয়করণের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী। রোববার সকালে শহরের পায়রা চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে জেলার ছয়টি উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, কৃত্রিম সার সংকট সৃষ্টির মাধ্যমে কৃষকদের জিম্মি করে একটি গোষ্ঠী ফায়দা লুটছে এবং নজিরবিহীন দুর্নীতির মাধ্যমে ডিলারশিপগুলো দেওয়া হয়েছে। কর্মসূচিতে জেলার ৬ উপজেলা থেকে জামায়াতের নেতাকর্মীর অংশগ্রহণ করেন। দেশ ও জনগণের এই সংকটে একমাত্র জামায়াতে ইসলামীই সমস্ত অন্যায়-অপরাধের বিরুদ্ধে আপসহীন প্রতিবাদ চালিয়ে যাচ্ছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবুবকর বলেন, ফ্যাসিস্ট আমলের ডিলারদের কারণেই কৃষকরা আজ দিশেহারা। তিনি অবিলম্বে বিতর্কিত সার ও বীজ মনিটরিং কমিটি ভেঙে দেওয়া এবং দলীয় বিবেচনায় বরাদ্দ করা সব ডিলারশিপ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন নিয়োগ প্রদানের দাবি জানান। তিনি বর্তমান সংকট সমাধানে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রত্যাশা করেন।
কর্মসূচিতে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাই জেলা প্রশাসক মো. নোমান হোসেন প্রিন্সের দায়িত্ব পালন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারেন, তবে নিজ থেকে দায়িত্ব ছেড়ে দিন। জামায়াতের এই নেতা আরও অভিযোগ করেন, জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পরিষদ বর্তমানে একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা জনস্বার্থের পরিপন্থী। আমরা আপনার এই জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করব না।’।
সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমির ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী আব্দুল আলিম, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব, জেলা সেক্রেটারি আব্দুল আউয়াল এবং সদর উপজেলা আমির ড. হাবিবুর রহমান। সভায় বক্তারা দুর্নীতিমুক্ত কৃষি সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান।
Leave a Reply