বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্কের আরও উন্নয়নের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র উন্মোচিত হবে। স্থানীয় সময় আজ সকাল ১১টা ৪৫ মিনিটে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর সাথে আয়োজিত এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, কারিগরি দক্ষতা উন্নয়ন এবং দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে জাপানি বিনিয়োগ আকৃষ্ট করতে জেটরোর ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হচ্ছে। বিশেষ করে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে তথ্যপ্রযুক্তি, উন্নত উৎপাদনশিল্প, অটোমোবাইল, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানি বিনিয়োগের জন্য আহ্বান জানান তিনি।
দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক মজবুত করতে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি কার্যকর ভূমিকা রাখবে বলে বৈঠকে উভয় পক্ষ একমত প্রকাশ করে। পাশাপাশি, বাংলাদেশের দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং জাপানি ভাষা প্রশিক্ষণকেন্দ্র স্থাপনে জাপানের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী। এগুলো ভবিষ্যতে জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ দুই দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক বন্ধনকে সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়।
জেটরোর প্রেসিডেন্ট কাতাওকা সুসুমু বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ভৌগোলিক অবস্থানের প্রশংসা করে বলেন, দেশটি বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের কারণে জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে বড় ধরনের আগ্রহ দেখাচ্ছে। এ সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply