1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 5:45 am

আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানায় ছুটি

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Saturday, October 31, 2026
  • 36 দেখা হয়েছে

ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের ব্ল্যাকলিস্টিং বন্ধ এবং বিনা কারণে চাকরিচ্যুত না করার দাবিতে বিক্ষোভ করেছেন তৈরি পোশাকশ্রমিকরা। শনিবার আন্দোলন চলাকালে একাধিক স্পটে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষের সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে অন্তত ৪ থেকে ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বিশৃঙ্খলা এড়াতে আশুলিয়ার বিভিন্ন এলাকার অন্তত ২৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে আশুলিয়ার জিরাবো এলাকার নাঈম নিটওয়্যার কারখানার শ্রমিকেরা সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরির দাবিতে কাজ বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন। পরবর্তীতে তারা কারখানার ভেতর থেকে বের হয়ে সড়কে বিক্ষোভ প্রদর্শন করেন এবং আশপাশের অন্য কারখানাগুলোর শ্রমিকদের বের করে আনার চেষ্টা চালান। এ সময় বেশ কিছু কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

একই দাবিতে আশুলিয়ার কাঠগড়া, নিশ্চিন্তপুরসহ সংলগ্ন এলাকাগুলোতেও পোশাকশ্রমিকেরা বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভকারীদের একাংশ বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করে অবস্থান নিলে তীব্র যানজটের সৃষ্টি হয়। সেখানে পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। শেষ পর্যন্ত পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল প্রয়োগ করে সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। নিউএইজ গ্রুপের এক নারী শ্রমিক জানান, সকাল থেকে তাদের কারখানায় উৎপাদন বন্ধ ছিল। বহিরাগত শ্রমিকেরা এসে তাদের বের হয়ে আসতে বললে পরিস্থিতি উত্তপ্ত হয় এবং পুলিশ টিয়ার শেল ছুড়লে তারা কারখানা ছেড়ে চলে যান।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন জানান, শ্রমিকদের মূল দাবি ছিল ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি, অযৌক্তিক চাকরিচ্যুতি বন্ধ ও ব্ল্যাকলিস্ট প্রথা বাতিল করা। শ্রম উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে অক্টোবরের মধ্যেই নতুন মজুরি বোর্ড গঠনের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়িত না হওয়ায় শ্রমিকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে। তবে শুক্রবার রাতে শ্রম মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে আগামী রোববারের মধ্যে মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বার্তার তথ্য সাধারণ শ্রমিকদের কাছে সময়মতো না পৌঁছানোতেই তারা রাজপথে নেমেছেন।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশুলিয়ার বিভিন্ন পয়েন্টের ২৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছে। বিক্ষোভরত শ্রমিকদের ছোড়া পাথরের আঘাতে চার-পাঁচজন পুলিশ সদস্য জখম হয়েছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশকে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়তে হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira