বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক’ ৩০ বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাদের দীর্ঘ পথচলা উদযাপন করেছে। ‘গল্পের পথচলা অব্যাহত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত সন্ধ্যায় দোহায় প্রতিষ্ঠানের সদর দপ্তরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী প্রধান অতিথি হিসেবে এই আয়োজনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমীর আল জাজিরার তিন দশকের অর্জন, ঐতিহাসিক মাইলফলক ও অগ্রযাত্রার ওপর নির্মিত একটি বিশেষ প্রদর্শনী ঘুরে দেখেন। এছাড়া নেটওয়ার্কটির প্রতিষ্ঠাতা মরহুম ফাদার আমীর শেখ হামাদ বিন খলিফা আল-থানীর ভিশন ও গণমাধ্যমে আল জাজিরার ভূমিকার ওপর নির্মিত একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়। তিন দশকের সাফল্য ও চ্যালেঞ্জের ইতিহাস।
অনুষ্ঠানের শেষে আমীর শেখ তামিম আল জাজিরার নতুন হাই-টেক স্টুডিও ও অত্যাধুনিক নিউজ রুম ঘুরে দেখেন। এসময় কৃত্রিম বুদ্ধিমত্তাসহ সম্প্রচার ও সংবাদ পরিবেশনায় ব্যবহৃত বিশ্বমানের আধুনিক প্রযুক্তি সম্পর্কে তাঁকে বিস্তারিত জানানো হয়। অনুষ্ঠানে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল-থানী, নেটওয়ার্কটির চেয়ারম্যান শেখ হামাদ বিন সামের আল-থানী ও ডিরেক্টর জেনারেল শেখ নাসের বিন ফয়সাল আল-থানীসহ দেশি-বিদেশি মন্ত্রী, আন্তর্জাতিক সাংবাদিক ও কূটনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
১৯৯৬ সালে মাত্র ৬ ঘণ্টার সম্প্রচার দিয়ে যাত্রা শুরু করা আল জাজিরা বর্তমানে বিশ্ব গণমাধ্যমের অন্যতম পরাশক্তি হিসেবে স্বীকৃত। বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে ৪৩০ মিলিয়ন পরিবারে চ্যানেলটি পৌঁছে যাচ্ছে। বিশ্বের ৭০টির বেশি ব্যুরোতে ৯৫টি দেশের প্রায় ৩,০০০ সংবাদকর্মী এই প্রতিষ্ঠানে কাজ করছেন। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ৫২ মিলিয়ন অনুসারী রয়েছে। গ্লোবাল নেটওয়ার্ক: বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে ৪৩ কোটি (৪৩০ মিলিয়ন) পরিবারে পৌঁছে যায় আল জাজিরা। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিষ্ঠানটির ৫ কোটি ২০ লাখ (৫২ মিলিয়ন) অনুসারী রয়েছে।
সাংবাদিকতার কঠিন পথে ২০০১ সালে কাবুলে এবং ২০০৩ সালে বাগদাদে আল জাজিরার কার্যালয়ে হামলা সত্ত্বেও প্রতিষ্ঠানটি সাহসী ও নির্ভীক সাংবাদিকতা বজায় রেখেছে। ২০১১ সালের ‘আরব বসন্ত’ কভারেজের জন্য তারা মর্যাদাপূর্ণ ‘পীবডি অ্যাওয়ার্ড’ অর্জন করে। তবে এই দীর্ঘ পথচলায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আল জাজিরার ২৪ জনেরও বেশি সাংবাদিক প্রাণ হারিয়েছেন। যাদের মধ্যে ২০২২ সালে জেনিনে নিহত শিরিন আবু আকলেহ এবং ২০২৫ সালে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আনাস আল-শরীফ বিশেষভাবে স্মরণীয়।
৩০ বছর পূর্তির এই বিশেষ মুহূর্তে প্রতিষ্ঠানটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আল জাজিরা নাও’ (Al Jazeera Now) চালুর ঘোষণা দিয়েছে। একই সাথে ভবিষ্যতে দর্শকদের জন্য ৩০টিরও বেশি নতুন অনুষ্ঠান প্রচারের পরিকল্পনাও প্রকাশ করেছে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক।
Leave a Reply