কাতারের অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল কুয়ারির সাথে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নির্বাচিত সভাপতি ড. খলিল রহমান। দোহায় কাতার অর্থ মন্ত্রণালয়ের সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে উভয় দেশের মধ্যে বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করা, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং অর্থায়ন সুবিধাসমূহ সম্প্রসারণের বিষয়ে দুই পক্ষই একমত পোষণ করেন।
দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও মতবিনিময় করেন দুই নেতা। বিশেষ করে আগামীতে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন কেন্দ্রিক বিভিন্ন কার্যক্রম এবং যৌথ পদক্ষেপ গ্রহণের বিষয়ে তারা নিজেদের অভিমত তুলে ধরেন।
বৈঠকের শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল রহমান কাতারের অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল কুয়ারিকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।
Leave a Reply