ওমানে ৬০ বছর বা তার চেয়ে বেশি বয়সী প্রবাসী কর্মীদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ইস্যু এবং বিদ্যমান পারমিট নবায়নের প্রক্রিয়া বন্ধ ঘোষণা করা হয়েছে। গত কয়েক সপ্তাহে নিয়োগদাতাদের পক্ষ থেকে করা পারমিট নবায়নের বেশ কিছু আবেদন কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করেছে। সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, বর্তমানে এই বয়সসীমার প্রবাসীদের ওয়ার্ক পারমিট প্রদানের সুযোগ আর নেই।
দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত অভিজ্ঞ প্রবাসীদের মধ্যে এই সিদ্ধান্তে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারিতে ওমান সরকার দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের ধরে রাখার লক্ষ্যে ৬০ বছর পার হওয়ার পরও ওয়ার্ক পারমিট নবায়নের বিশেষ সুযোগ দিয়েছিল। তবে নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে দেশটি কার্যত সেই আগের নীতি থেকে সরে এসেছে। বর্তমানে দেশটির শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ওয়ার্ক পারমিট নবায়নের অনলাইন সেবা চালু থাকলেও, সেখানে বয়সসীমা সংক্রান্ত কোনো স্পষ্ট নির্দেশনা বা তথ্য উল্লেখ করা হয়নি।
Leave a Reply