প্রতারণার দায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের এই সিদ্ধান্তের ফলে বিদিশার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
এর আগে ২০০৮ সালে দায়ের করা একটি প্রতারণার মামলায় চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলমের আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হতো। দণ্ড ঘোষণার পর বিদিশাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। সর্বশেষ গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছিল। হাইকোর্টে জামিন আবেদনের শুনানি শেষে আদালত তাকে জামিনের আদেশ দেন।
Leave a Reply