রাজধানীর গুলশানে শুক্রবার দুপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী মিছিল বের করেন। বেলা পৌনে ১২টার দিকে গুলশান-১ এলাকার ভোলা মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু করার চেষ্টা করা হয়। এ সময় পুলিশ বাধা দিলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া তল্লাশি চালিয়ে আরও পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।
Leave a Reply