ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের মধ্য দিয়ে সংসদের সবকটি অর্থাৎ ৫০টি সংসদীয় স্থায়ী কমিটির গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম সংসদে নতুন কমিটি গঠন এবং বিদ্যমান দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বর্তমানে জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি স্থায়ী কমিটিসহ মোট ৫০টি সংসদীয় কমিটি কার্যকর রয়েছে, যার মধ্যে ১১টি বিষয়ভিত্তিক কমিটি।
নবগঠিত চারটি কমিটির মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন নরসিংদী-৫ আসনের মো. আশরাফ উদ্দিন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দায়িত্ব পেয়েছেন শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে শরীয়তপুর-১ আসনের সাঈদ আহমেদ এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে বরগুনা-২ আসনের সদস্য ও চিফ হুইপ মো. নুরুল ইসলামকে মনোনীত করা হয়েছে।
কমিটি গঠনের পাশাপাশি বেশ কয়েকটি বিদ্যমান সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। তবে পুনর্গঠিত এসব কমিটির সভাপতির পদে কোনো পরিবর্তন আনা হয়নি। পুনর্গঠিত কমিটিগুলোর তালিকায় রয়েছে বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
পুনর্গঠিত বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, যিনি চট্টগ্রাম-১৫ আসনের প্রতিনিধিত্ব করছেন। সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করার লক্ষ্যে এই কমিটিগুলো গঠন ও পুনর্গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Leave a Reply