নোয়াখালীর সেনবাগ উপজেলায় ধানখেত থেকে খাজা মাইনউদ্দিন ওরফে মানিক (৪৮) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দক্ষিণ গোরকাটা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি নোয়াখালী জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মানিক নিজের এবং প্রতিবেশী জাকির হোসেনের জমির পাশ থেকে গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়েছিলেন। রাতে তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন। পরদিন সকালে বাড়ি থেকে ৫০ গজ দূরে ধানখেতের আইলে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ওই সময় তাঁর পা ইঁদুর মারার জন্য জমিতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ছিল।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন জানান, স্থানীয় জাকির হোসেন ফসলের নিরাপত্তার জন্য খেতের চারপাশ খোলা জিআই তার দিয়ে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেছিলেন। ধারণা করা হচ্ছে, সেই ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিকের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তা হযরত আলী আরও বলেন, কৃষিজমিতে অরক্ষিত বৈদ্যুতিক ফাঁদ তৈরি করা অত্যন্ত বিপজ্জনক এবং আইনত দণ্ডনীয় অপরাধ। ভুক্তভোগী পরিবার যদি এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করে, তবে সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’।
Leave a Reply