রংপুরের পীরগঞ্জে নকল সার, কীটনাশক এবং গবাদি পশুর ভূষি তৈরির অভিযোগে একটি গোডাউনে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার বিকেলে উপজেলার রামনাথপুর ইউনিয়নের কালসার ডারা বাজারে অবস্থিত ‘মেসার্স মোখলেছুর ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠানের এই গোডাউনে অভিযানটি পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক হিসেবে মাইদুল ইসলাম বাবুর নাম জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে গোডাউনটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারীর নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে কৃষি কর্মকর্তা সুমন আহমেদ, সহকারী পুলিশ সুপার রাসেল রানা এবং পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তাজুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে বিপুল পরিমাণ সন্দেহজনক উপকরণ জব্দ করা হয়।
ঘটনাস্থল থেকে সার ও ভূষি তৈরির এক হাজার ১০০ বস্তার বেশি উপকরণ উদ্ধার করা হয়েছে। এসব উপকরণের মধ্যে উল্লেখযোগ্য হলো ইটের গুঁড়া, মাটি, কাঠের গুঁড়া, ধানের গুঁড়া, চুন, ময়দা, ডিমের খোসা এবং ভুট্টার ছোলা। এছাড়া বাজারে প্রচলিত বিভিন্ন নামিদামি কোম্পানির বিপুল পরিমাণ খালি মোড়ক ও প্যাকেট সেখানে পাওয়া গেছে, যা দিয়ে নকল পণ্য বাজারজাত করার প্রস্তুতি চলছিল বলে ধারণা করছে প্রশাসন।
জব্দকৃত এসব উপকরণ পরীক্ষার জন্য রংপুরে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ জানান, উদ্ধার হওয়া সামগ্রীগুলো ল্যাব পরীক্ষায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর পণ্যের মান ও সত্যতা নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিক আলামত ও পরিবেশ দেখে কর্মকর্তাদের ধারণা, দীর্ঘ দিন ধরেই সেখানে নকল পণ্য উৎপাদন করা হচ্ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, সংবাদের সত্যতা পেয়ে অভিযান চালানো হয়েছে এবং আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।
Leave a Reply