যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি করা হয়েছে। এই অনভিপ্রেত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সরকার এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করতে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ মিশনকে নির্দেশনা দিয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ডে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে একদল লোক দেশের এই সম্মানিত ব্যক্তিত্বকে বিদেশের মাটিতে হেনস্তা করেছে বলে প্রতীয়মান হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তির সঙ্গে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক। বিদেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা ভবিষ্যতে দেশের বিশিষ্টজনদের সঙ্গে যেকোনো ধরনের অসদাচরণ বা হীন কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন বলে সরকার দৃঢ়ভাবে আশা প্রকাশ করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিউইয়র্কস্থ বাংলাদেশ মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপন করতে বলা হয়েছে। একই সঙ্গে দোষীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনতে তৎপর হতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের দুর্ভাগ্যজনক ঘটনার কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ ও এ দেশের নাগরিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Leave a Reply