সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধান সংশোধনের পুরো প্রক্রিয়ায় বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছে সরকার। তবে তারা আলোচনায় না এলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান পরিবর্তনের উদ্যোগ স্থগিত রাখা হবে না। মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সপ্তম বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ জানান, সরকারি ও বিরোধী দলসহ রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতেই সংবিধান সংশোধন করতে চায় সরকার। এ লক্ষ্য অর্জনে বিরোধী দলকে বারবার আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে। তারা প্রতিনিধি পাঠিয়ে বা লিখিত মতামতের মাধ্যমে যেকোনো সময় এই প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সুযোগ পাবে। এমনকি সংসদের অধিবেশন বা কমিটিতে বিল উত্থাপনের পর্যায়েও বিরোধী দলের অংশগ্রহণের পথ খোলা রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন। চাইলে তারা লিখিত মতামতও দিতে পারবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার প্রেক্ষিতেই জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছে, যা বাস্তবায়ন করা সরকারের অঙ্গীকার। কমিটির সাম্প্রতিক বৈঠকটি অত্যন্ত জ্ঞানসমৃদ্ধ ছিল উল্লেখ করে তিনি বলেন, সভায় অংশ নেওয়া ব্যক্তিরা অনেকেই লিখিত বক্তব্য জমা দিয়েছেন এবং বাকিরাও আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের মতামত দেবেন।
সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী সংশোধন পদ্ধতিসহ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার সম্ভাব্য গঠনপ্রক্রিয়া ও বিকল্প প্রস্তাবগুলো নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বিলুপ্ত হওয়া গণভোটের বিধান এবং আদালতের রায়ের মাধ্যমে আসা পরিবর্তনগুলো আইনসভায় কীভাবে বিবেচনা করা যায়, তা নিয়েও পর্যালোচনা চলছে। ভবিষ্যতে সংবিধান সংশোধনের প্রক্রিয়া যেন অতিরিক্ত কঠোর বা নমনীয় না হয়, তা নিশ্চিত করতে বিভিন্ন বিকল্প প্রস্তাব নিয়ে কাজ করছে কমিটি। সংবিধান সংশোধনের পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, বর্তমান সংবিধানের ১৪২ অনুচ্ছেদে সংশোধনের যে বিধান রয়েছে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
Leave a Reply