সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৪৩ জন ডেঙ্গুরোগী। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে সারাদেশে মোট ৩৩১ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ সাত হাজার ২৫৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ যাবত মোট এক লাখ এক হাজার ৩১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৮৩০ জন রোগী। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সেবার পাশাপাশি সচেতনতামূলক প্রচারণাও অব্যাহত রয়েছে। চিকিৎসকরা মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন।
Leave a Reply