রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার রেজাউল ওরফে কানা (৪২) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (৩২)। ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে গেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ। ওসি আব্দুস ছবুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অটোরিকশা মালিক সিদ্দিকুর রহমান সোহেল জানান, বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকায় ভোরে তার অটোরিকশা রাখার ঘর থেকে শব্দ শুনে তিনি জেগে ওঠেন। বারান্দায় বেরিয়ে তিনি দেখেন, তার অটোরিকশাটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় তিনি গাড়িটি টেনে ধরার চেষ্টা করলে চোরেরা তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তিনি গাড়িটি ছেড়ে চিৎকার করলে বাড়ির পাশের মসজিদে নামাজ পড়তে থাকা মুসল্লিরা বেরিয়ে এসে ধাওয়া দেন। মসজিদের মাইকে বিষয়টি প্রচার করা হলে স্থানীয় লোকজনও তাদের পিছু নেয়। প্রায় আধা কিলোমিটার দূরে তিস্তা সেচ ক্যানেল এলাকায় অটোরিকশাটি রেখে ধানক্ষেত দিয়ে পালানোর সময় জনতা তাদের আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মালিক সোহেল আরও জানান, মধ্যরাতে বাথরুমে যাওয়ার সময়ও তিনি তার অটোরিকশাটি নিজ ঘরে দেখেছেন। এরপর শিশুসন্তানের কান্নায় ঘুম পাড়ানোর সময় হঠাৎ ঘরের ভেতর অটোরিকশা চুরির শব্দ শুনতে পান। চোরদের সাথে টানাটানিতে তিনি মাটিতে পড়ে গেলে তার হাঁটুর চামড়া উঠে যায়। পরে তিনি জানতে পারেন যে আধা কিলোমিটার দূরে তিস্তা সেচ ক্যানেলের কাছে গণপিটুনিতে ওই দুই ব্যক্তি নিহত হয়েছেন।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানিয়েছেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply