রাজধানীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কার্যালয়ে ঢুকে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা ১১টার দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। সেই সময় দপ্তরে কয়েকজন ব্যক্তির সাথে বৈঠক করছিলেন অধ্যাপক জাকি। হঠাত ৮-৯ জন ব্যক্তি তার কক্ষে ঢুকে তাকে চেয়ার থেকে টেনে হিঁচড়ে নামিয়ে মারধর শুরু করেন।
ঘটনার বিষয়ে কাজী আহমেদ জাকি অভিযোগ করে বলেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা মব বা জনতা তৈরি করে এই হামলা চালিয়েছেন। এদিকে ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে পাল্টা অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, পরিচালকেরও কিছু দোষ রয়েছে।
এ সময় ড্যাবের এই নেতা একটি ছবি দেখিয়ে প্রশ্ন তোলেন যে, আওয়ামী লীগ সরকারের আমলে আইইডিসিআরের পরিচালক থাকা মীরজাদী সাবরিনা ফ্লোরার সাথে বর্তমান পরিচালক কাজী আহমেদ জাকি কেন বৈঠক করছেন। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের সময় মীরজাদী সাবরিনা ফ্লোরা বেশ আলোচনায় ছিলেন এবং পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করেছিলেন।
Leave a Reply