1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 5:33 am

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫১ জন

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, October 30, 2026
  • 44 দেখা হয়েছে

কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে বিশেষ অভিযান পরিচালিত হয়। পুলিশের একাধিক টিম এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) অংশগ্রহণে পরিচালিত এই অভিযানে মোট ৩৫১ জনকে আটক করা হয়েছে। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি নেতৃত্ব দেন। এদিকে অপ্রতিম হত্যার পরপরই জেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আলোচনায় উঠে আসে।

আটকদের অপরাধের ধরন ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ। বাকি ২১৯ জনকে মুচলেকায় তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানিয়েছেন, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে কিশোরদের অপরাধ কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এই নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উঠতি বয়সি কিশোরা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

সূত্র জানায়, গত ২৩ সেপ্টেম্বর থেকে কুমিল্লা নগরীসহ পুরো জেলায় এই বিশেষ অভিযান শুরু হয়। গত ২৯ অক্টোবর পর্যন্ত চলমান এই দীর্ঘ অভিযানে মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ১৫১ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে এবং ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আটকদের অধিকাংশই শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, কিশোর গ্যাংয়ের প্রভাব কমিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর। বিশেষ করে উঠতি বয়সী কিশোররা যাতে নতুন করে অপরাধে জড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে চলমান এই অভিযান অব্যাহত থাকবে। নগরীর বিভিন্ন স্পটসহ যেসব স্থানে বখাটেদের উৎপাত রয়েছে, সেসব এলাকায় গোয়েন্দা নজরদারি ও তৎপরতা আরও বাড়ানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira