টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নান্দুরিয়া চকবাজার ও পাথরাইলের টেঘুরি এলাকার পরেশ সাধুর দহের ওপর সেতু নির্মিত না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তিন ইউনিয়নের কয়েক হাজার মানুষকে। যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকো হওয়ায় প্রতিদিন মারাত্মক বিপাকে পড়ছেন শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, আতিয়া, দেলদুয়ার ও পাথরাইল ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত এই দহের দুই পাশে পাকা সড়ক থাকলেও মাঝখানে সেতু না থাকায় কোনো যানবাহন চলাচল করতে পারে না। ফলে গাদতলা থেকে টেঘুরি পর্যন্ত নির্মিত পাকা সড়কটি স্থানীয়দের কোনো কাজেই আসছে না।
এলাকাবাসীর অভিযোগ, জনপ্রতিনিধিরা নির্বাচনের সময় সেতু নির্মাণের নানা প্রতিশ্রুতি দিলেও তা কেবল আশ্বাসেই সীমাবদ্ধ রয়েছে। বর্তমানে জেলা সদরে পৌঁছাতে বিকল্প সড়ক দিয়ে প্রায় ৩০ কিলোমিটার ঘুরে অতিরিক্ত এক ঘণ্টা সময় ব্যয় করতে হচ্ছে। অথচ এখানে একটি সেতু নির্মাণ করা হলে জেলা সদরে যাতায়াতের দূরত্ব ও সময় অনেকটাই কমে আসত।
নান্দুরিয়া গ্রামের আলমগীর হোসেন জানান, দীর্ঘদিন আগে সড়ক পাকা হলেও সেতু না থাকায় এ পথে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া জাঙ্গালিয়া গ্রামের সাগর মিয়া ও মুকুল হোসেন বলেন, জনপ্রতিনিধিদের আশ্বাসের বাস্তবায়ন না হওয়ায় তাদের পায়ে হেঁটে চরম কষ্ট করতে হচ্ছে। এলাকাবাসী দ্রুত এখানে একটি সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন। ফলে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন তারা। তাদের অনেক কষ্ট করে পায়ে হেঁটে মাইলের পর মাইল যেতে হয়।
দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী জানান, বিষয়টি তিনি বিভিন্ন মাধ্যমে অবগত হয়েছেন। অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতা প্রয়োজন এবং জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
Leave a Reply