পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির লক্ষ্যে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে সরকার, মালিক ও শ্রমিক—তিন পক্ষের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নবগঠিত এই বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন স্থায়ী মজুরি বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান।
বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রাখা হয়েছে বিজিএমইএ পরিচালক এ বি এম সামছুদ্দিন ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুবকে। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। বোর্ডের অন্তর্ভুক্তির বিষয়ে বিজিআইডব্লিউএফ সাধারণ সম্পাদক বাবুল আখতার জানান, বিষয়টি তারা জানতে পেরেছেন এবং সরকার দ্রুত বোর্ডের আনুষ্ঠানিক কাজ শুরু করবে বলে আশা করছেন।
প্রজ্ঞাপন জারির বিষয়টি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী আগেই ঘোষণা করেছিলেন। রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বিজিএমইএ ও বিকেএমইএ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী জানান, মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকদের আন্দোলনে থাকার আর কোনো যৌক্তিক কারণ নেই।
উল্লেখ্য, নতুন মজুরি নির্ধারণ এবং ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে বেশ কিছুদিন ধরে রাজধানী ও আশপাশের এলাকায় পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করছেন। এরই ধারাবাহিকতায় মিরপুর-১০ নম্বর মোড়ের সড়ক অবরোধ করে শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া গাজীপুর এলাকার শ্রমিকদেরও একই দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা গেছে।
Leave a Reply