হামের টিকা কেনা ও বিতরণের প্রক্রিয়া, এতে ঘটে যাওয়া বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের ওপর যে নেতিবাচক প্রভাব পড়েছে, তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়। কমিশনটি ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে ঘটে যাওয়া ঘটনা ও দায়-দায়িত্ব নিরূপণে কাজ করবে।
তদন্ত কমিশনের নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমান। কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিশনটি কেবল অনিয়মের কারণ অনুসন্ধান ও দায়ীদের চিহ্নিত করবে না, বরং ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশও প্রদান করবে। তদন্তকাজের অংশ হিসেবে কমিশন দেশের যেকোনো স্থান পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদের পূর্ণ ক্ষমতা পাবে।
পুরো তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে কমিশনকে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৬০ কার্যদিবস সময় দেওয়া হয়েছে। এই নির্ধারিত সময়ের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে। কমিশনের সাচিবিক সহায়তাসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে স্বাস্থ্য সেবা বিভাগ। এছাড়া কমিশনের ব্যয়ভার বহন এবং কার্যক্রমে সহায়তার জন্য স্বাস্থ্য বিভাগ ও এর অধীনস্থ দপ্তরের কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে।
Leave a Reply