মানবপাচারের শিকার এবং প্রতারণার কবলে পড়া ৩০৯ জন বাংলাদেশি নাগরিক অবশেষে দেশে ফিরেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাই ওয়া ইন্টারন্যাশনালের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে করে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সম্মিলিত উদ্যোগে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বিমানবন্দরে পৌঁছালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওএমের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের গ্রহণ করেন।
দেশে ফেরা প্রতিটি নাগরিককে আইওএমের পক্ষ থেকে ছয় হাজার টাকা নগদ অর্থসহ প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের (বিএমইটি) সহকারী পরিচালক মোহাম্মদ শাহেদ হোসেন জানান, তাদের সার্বিক সহায়তা নিশ্চিতে প্রবাসী কল্যাণ ডেস্ক কাজ করেছে। সরকারি নথিপত্র অনুযায়ী, লিবিয়ায় অবস্থানরত এসব বাংলাদেশি মূলত মানবপাচারকারী চক্রের প্রতারণার শিকার হয়েছিলেন। দালালরা তাদের উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে ইউরোপে পাঠানোর প্রলোভন দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছিল।
অনেকে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন, আবার অনেকের ভাগ্যে জুটেছে অপহরণ ও অমানবিক শারীরিক নির্যাতনের শিকার হওয়ার তিক্ত অভিজ্ঞতা। সরকারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রত্যাবাসন মিশনে লিবিয়ায় নিয়োজিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আইওএম নিবিড়ভাবে কাজ করেছে। অবৈধ পথে বিদেশযাত্রা বন্ধ করতে এবং বিদেশে বিভিন্ন সংকটে পড়া নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে সরকার নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Leave a Reply