সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাটধারী বাজার এলাকায় লোহাবোঝাই ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. সাদ্দাম হোসেন (৩০) নামের এক দুধ ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার ভোররাত ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম নাটোরের সিংড়া উপজেলার গোয়াল বাথান গ্রামের সাদেক আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, সাদ্দাম নিজেই পিকআপ ভ্যান চালিয়ে শাহজাদপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যান।
ঘটনার জেরে ভোর ৫টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী বগুড়া-নগরবাড়ী মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টার পর সকাল ৭টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তবে মহাসড়ক সচল হলেও পাশের আঞ্চলিক সড়কে যান চলাচল এখনো বন্ধ রয়েছে। এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি অত্যন্ত ভারী এবং এতে প্রচুর লোহা থাকায় তা সরানো বেশ কষ্টসাধ্য। মালামাল খালাস না করা পর্যন্ত যানবাহনটি সরানো সম্ভব হচ্ছে না। ট্রাকমালিকের সাথে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।
Leave a Reply