বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সত্য, ন্যায় এবং জুলুমের বিরুদ্ধে চলমান সংগ্রামকে সফল করতে হলে দলের নেতাকর্মীদের প্রকৃত দক্ষ, সৎ, জ্ঞানী ও আদর্শিক জনশক্তিতে রূপান্তরিত হতে হবে। শুক্রবার কুমিল্লা মহানগরীর আইটি কনভেনশন হলে আয়োজিত কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের বাছাইকৃত রুকনদের এক শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন, ঈমানী শক্তিতে বলীয়ান জনশক্তিকে কোনো অপশক্তিই নস্যাৎ করতে সক্ষম হবে না।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চল পরিচালক মাওলানা এটিএম মাসুম। কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ আয়োজিত এই শিক্ষা শিবিরটি পরিচালনা করেন। সেখানে গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর জনশক্তিকে শুধু সাংগঠনিক কাজের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং তাদের কুরআন-সুন্নাহর জ্ঞান, তাকওয়া, নৈতিকতা এবং সাংগঠনিক দক্ষতায় নিজেদের সমৃদ্ধ করতে হবে। প্রত্যেক রুকনকে ইসলামী আদর্শের জীবন্ত উদাহরণ হিসেবে নিজেদের গড়ে তোলার তাগিদ দেন তিনি।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের প্রাথমিক দায়িত্ব হলো নিজের আত্মশুদ্ধি অর্জন করা। ব্যক্তিগত জীবনে আল্লাহ-ভীতি, আমানতদারী ও সততা নিশ্চিত করার পাশাপাশি সমাজের মানুষের কল্যাণে কাজ করার ওপর জোর দেন তিনি। পাশাপাশি পরিবার ও রাষ্ট্রের প্রতিটি স্তরে ইসলামের কল্যাণমুখী আদর্শ ছড়িয়ে দিতে কর্মীদের সচেষ্ট থাকতে হবে। তিনি উল্লেখ করেন যে, প্রতিকূলতা বা নানা ধরনের বাধা ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য নতুন কিছু নয়। এসব কঠিন সময়ে হতাশ না হয়ে ঈমান, ধৈর্য এবং সাংগঠনিক ঐক্য বজায় রেখে আল্লাহর ওপর ভরসা করতে হবে।
গোলাম পরওয়ারের মতে, একটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে নৈতিক গুণসম্পন্ন জনশক্তির কোনো বিকল্প নেই। তাই রুকনদের নিয়মিত অধ্যয়ন, প্রশিক্ষণ ও আত্মসমালোচনার মাধ্যমে নিজেদের যোগ্যতা বৃদ্ধি অব্যাহত রাখতে হবে। ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও আলোচনা করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এএইচএম আব্দুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল এবং বিশিষ্ট আলেমে দ্বীন মুহাদ্দিস আবু নাছর আশরাফী। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. আব্দুস সাত্তার, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর একেএম এমদাদুল হক মামুন এবং মহানগরী সেক্রেটারি মু. মাহবুবর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply