অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী ৫৯ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের চিফ রিপোর্টার সুমন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তৌফিক ইমরোজ খালিদী চিকিৎসার প্রয়োজনে কিছুদিন আগে লন্ডনে যান। সেখানকার একটি হোটেল কক্ষে অবস্থানকালে বৃহস্পতিবার রাতে তিনি মাথা ঘুরে পড়ে যান। পরে তাঁকে দ্রুত অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে দায়িত্বরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
উল্লেখ্য যে, ২০০৬ সাল থেকে তৌফিক ইমরোজ খালিদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি লন্ডনভিত্তিক বিশ্বখ্যাত গণমাধ্যম বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিশেষ অবদান ও স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালের ডিসেম্বর মাসে তিনি জাতীয় আইসিটি পুরস্কার অর্জন করেন।
Leave a Reply