রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একদল সাংবাদিক ছাত্রদলের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। মঙ্গলবার সমিতির সভাপতি রেফায়েত উল্যাহ রুপক ও সাধারণ সম্পাদক সোহেল রানা যৌথ বিবৃতিতে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ঘটনাটি গত রবিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে ঘটে।
বিভিন্ন সূত্রে জানা যায়, ক্যাম্পাসে ছাত্রদলের একদল নেতাকর্মী দেশীয় অস্ত্রসহ অবস্থান করছিলেন। সাংবাদিকেরা সেই দৃশ্য ধারণ করতে গেলে তাদের ওপর চড়াও হয় হামলাকারীরা। হামলায় সমকালের রাবি প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবানি, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল এবং আগামীর সময়ের জাহিদুল ইসলাম আহত হন। গুরুতর আহত জাহিদুল ইসলামের মাথা ফেটে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে।
ঘটনার বিবরণ দিয়ে গণমাধ্যমকর্মীরা জানান, অস্ত্রের ছবি তুলতে গেলে সমকাল প্রতিনিধিকে লাঠি দিয়ে পেটানো হয়। এক পর্যায়ে আজকের পত্রিকার প্রতিনিধির মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধির ওপর হামলা চালানো হয়। পরবর্তীতে ঘটনাস্থলে অন্যান্য সাংবাদিকেরা ছুটে গেলে ডেইলি স্টার ও আগামীর সময়ের প্রতিনিধিদের ওপরও হামলা করা হয়।
বিবৃতিতে চবিসাস নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের আক্রমণ স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। ভিডিও ধারণ বা সংবাদ সংগ্রহের সময় মারধর, মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা কিংবা হুমকি প্রদান—কোনোটিই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়ন্ত্রণহীনতায় গভীর উদ্বেগ প্রকাশ করে তারা দ্রুত নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
Leave a Reply