ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ফয়সালাবাদে অনুষ্ঠিত এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ বলের নাটকীয়তায় শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে পরাজিত হয়েছেন ইয়াং টাইগ্রেসরা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১১৯ রান। ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের; দ্বিতীয় ওভারেই উইকেট খোয়ান ওপেনার মাইমুনা নাহের। এরপর জান্নাত ২৪ বলে ১৬ রান করে ফিরলে চাপের মুখে পড়ে দল। বিবি আয়েশা রানের খাতা খুলতে পারেননি। তবে অধিনায়ক সাদিয়া ইসলাম ও নিশিতা আক্তার নিশির জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। নিশি ৩৫ বলে ২৬ রান করে রান আউটের শিকার হন। সাদিয়া ২২ বলে দলীয় সর্বোচ্চ ৩৯ রান করেন। এছাড়া সাদিয়া আক্তার ১৮ বলে ১৮, ফারজানা ইয়াসমিন ৭ বলে ৬ এবং কুমারি শ্রাবণী রাণী ৫ বলে ৩ রান সংগ্রহ করেন। আরেক ওপেনার অচেনা জান্নাতের বাট থেকে আসে ২৪ বলে ১৬ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালেও শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ায় সানজানা কাভিন্দি ও ভিমোকশা বালাসুরিয়ার কল্যাণে। এই জুটিতে ৬২ রান যোগ করে লঙ্কানরা। সানজানা ৪৮ এবং বালাসুরিয়া ২১ রান করে আউট হন। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ আটকাতে পারেনি। শেষ ২ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ১৯ রান। বোলারদের লড়াই সত্ত্বেও শেষ বলে গিয়ে কাঙ্ক্ষিত জয় তুলে নেয় শ্রীলঙ্কা। দলের হয়ে মানুদি ১১, মাথসারা ৯ এবং সেওমিনি ১০ রান করেন। তবে দ্বিতীয় উইকেটে ৬২ রানের বড় জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচ থেকে একপ্রকার ছিটকে দেয় শ্রীলঙ্কা। তবে পরপর দুই ওভারে এই দুই ব্যাটারকে বিদায় করে আবারও ম্যাচে ফেরে বাংলাদেশ।
বল হাতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন নিশি। এছাড়া ফারজানা ইয়াসমিন ও আফরিন মিম একটি করে উইকেট পেয়েছেন। শ্রীলঙ্কার ব্যাটারদের দৃঢ়তায় ম্যাচটি বাংলাদেশের হাতছাড়া হয়।
Leave a Reply