চলমান যুদ্ধ পরিস্থিতি নিরসনে নিজেদের সুনির্দিষ্ট শর্তাবলীর কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে পারস্য উপসাগর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ওমানের সাথে একটি চুক্তির রূপরেখা চূড়ান্ত করেছে দেশটি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আলোচনার প্রেক্ষাপট তুলে ধরে জানান, সব রণাঙ্গনে চাপিয়ে দেওয়া সংঘাত বন্ধ এবং হরমুজ প্রণালীতে টেকসই শান্তি ফেরাতে ইরান তাদের অবস্থান ও শর্তগুলো অত্যন্ত স্পষ্ট এবং কঠোরভাবে তুলে ধরেছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে এখন অপর পক্ষের প্রস্তাবগুলোর বিপরীতে ইরানের আনুষ্ঠানিক জবাব পাঠানো হবে।
মেহের নিউজের বরাতে ইসমাইল বাঘেই আরও জানান, ওমানের সাথে ইরানের দ্বিপাক্ষিক আলোচনা অত্যন্ত সফল হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীর নিরাপদ নৌ-পথগুলোর ভৌগোলিক স্থানাঙ্ক নির্ধারণে দুই দেশ ঐকমত্যে পৌঁছেছে। এছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় এই বিষয়টি কীভাবে উত্থাপন করা হবে, সে বিষয়েও পারস্পরিক বোঝাপড়া চূড়ান্ত হয়েছে। শীঘ্রই এই সমঝোতা বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
Leave a Reply