কাতারে ড্রাইভিং স্কুলগুলোর সেবার মানোন্নয়ন এবং গ্রাহকদের অধিকার সুরক্ষায় নতুন ও কঠোর নীতিমালা ঘোষণা করেছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় (MoCI)। ২০০৮ সালের ৮ নম্বর ভোক্তা সুরক্ষা আইনের সাথে সামঞ্জস্য রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে এই নতুন নির্দেশিকা চূড়ান্ত করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো প্রশিক্ষণার্থী ও ড্রাইভিং স্কুলগুলোর মধ্যে পেশাদার ও সুশৃঙ্খল চুক্তিভিত্তিক সম্পর্ক গড়ে তোলা।
নির্দেশনা অমান্যকারী ড্রাইভিং স্কুলগুলোকে নিয়ম পরিবর্তনের জন্য এক মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পরপরই কাতার জুড়ে মাঠপর্যায়ে বিশেষ পরিদর্শণ অভিযান পরিচালনা করবে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। প্রতিটি প্রতিষ্ঠান সঠিকভাবে সরকারি বিধিবিধান মেনে চলছে কি না, তা যাচাই করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কোনো ড্রাইভিং স্কুলের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বা তারা নিয়ম না মানলে তাৎক্ষণিকভাবে তা কর্তৃপক্ষের নজরে আনার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ সংক্রান্ত অভিযোগ বা যেকোনো তথ্য জানানোর জন্য বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের কল সেন্টার ১৬০০১ নম্বরে অথবা তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজে যোগাযোগ করা যাবে।
Leave a Reply