সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১লা জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৯৩ জনের প্রাণহানি ঘটল। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা নিয়ে এ বছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৮৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত শুধু ঢাকা বিভাগেই (দুই সিটি করপোরেশনসহ) সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে ১৮ জন, বরিশাল বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং রংপুর ও সিলেট বিভাগে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২৫৮ জন রয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ২৪৩ জন, বরিশাল বিভাগে ১২৩ জন, চট্টগ্রাম বিভাগে ১১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮২ জন, ময়মনসিংহ বিভাগে ৮১ জন, রাজশাহী বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী ভর্তি হয়েছেন।
Leave a Reply