স্থাপত্যশিল্পীদের সৃজনশীল কাজের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে আবারও আয়োজিত হতে যাচ্ছে ‘বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার–২০২৬’। বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করছে। গত শনিবার রাজধানীর আগারগাঁওয়ে আইএবি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই আসরের ঘোষণা দেওয়া হয়।
এবারের আসরে মোট সাতটি প্রকল্পকে পুরস্কৃত করা হবে। এর মধ্যে বিজয়ী প্রতিটি প্রকল্প পাবে ২ লাখ টাকা করে। এছাড়া সম্মাননাপ্রাপ্ত প্রকল্পগুলো পাবে ৫০ হাজার টাকা, ট্রফি ও সনদপত্র। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনয়ন জমার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রকল্প জমার শেষ সময় ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। আয়োজনের নিয়মকানুন ও জুরি বোর্ডের বিস্তারিত তথ্য তুলে ধরেন অ্যাওয়ার্ড পরিচালক স্থপতি মৌসুমী আহমেদ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইএবির সভাপতি অধ্যাপক স্থপতি আবু সাঈদ এম আহমেদ, বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মহসিন হাবিব চৌধুরী এবং আইএবির সহসভাপতি নওয়াজীশ মাহবুব ও মাহফুজুল হক জগলুলসহ অন্যান্যরা। বার্জার পেইন্টস বাংলাদেশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
Leave a Reply