1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
October 5, 2026, 2:20 pm

ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত: মনসুরের আবেগঘন প্রবাস জীবন

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Monday, October 5, 2026
  • 12 দেখা হয়েছে

সংযুক্ত আরব আমিরাতে ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত উগান্ডার নাগরিক মনসুর কাতাবালওয়া এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কাজের ফাঁকে রাস্তার পাশে নিজের বাইক দাঁড় করিয়ে পরম একাগ্রতায় পবিত্র কুরআন তিলাওয়াত করার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তিনি নেটিজেনদের প্রশংসায় ভাসছেন। তবে তার কাছে এই কুরআন পাঠ কোনো লোক দেখানো কাজ নয়, বরং প্রিয়জন হারানোর বেদনা ভুলে মানসিকভাবে শান্ত থাকার একটি মাধ্যম।

পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে ও উজ্জ্বল ভবিষ্যতের সন্ধানে প্রবাসে পাড়ি জমানো মনসুরের জীবনে তিন বছর আগে নেমে আসে বড় বিপর্যয়। খুব অল্প সময়ের ব্যবধানে তিনি তার বাবা-মা ও ভাইকে হারান। প্রিয়জনদের এই মৃত্যু শোক তাকে ইসলামের অনুশাসনের প্রতি আরও বেশি মনোযোগী করে তোলে। এই গভীর আবেগ থেকেই তিনি পবিত্র কুরআন পুরো মুখস্থ (হিফজ) করেন। এখন কর্মব্যস্ত জীবনের মধ্যেও তার কুরআন চর্চা অব্যাহত রয়েছে।

বাইক চালানোর সময় সাধারণত মোবাইলে তিলাওয়াত শোনেন মনসুর, যেন কুরআন তার চর্চায় থাকে। দিনের কর্মঘণ্টার ফাঁকে যখনই কিছুটা অবসর পান, তখনই সঙ্গে রাখা কুরআন শরিফ নিয়ে বসে পড়েন। মনসুরের মতে, কাজের বিরতিতে কুরআন তিলাওয়াত করলে তিনি গভীর মনোযোগ ফিরে পান এবং নিজেকে মহান আল্লাহর সান্নিধ্যে অনুভব করেন। তিনি জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার অনেক আগে থেকেই এটি তার রুটিন হয়ে দাঁড়িয়েছে।

মনসুর আরও বলেন, মূলত তার প্রয়াত বাবা-মায়ের আত্মার মাগফিরাত ও তাদের জান্নাতুল ফেরদাউস নসিবের প্রার্থনার নিয়তেই তিনি নিয়মিত কুরআন পাঠ ও চর্চা করে যাচ্ছেন। প্রতিকূল পরিবেশে থেকেও ঈমানের পথে অটুট থাকার এই অদম্য ইচ্ছা তাকে সাধারণ প্রবাসীদের চেয়ে আলাদা পরিচিতি এনে দিয়েছে। নিজের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে তিনি শুধু ধর্মীয় ও মানবিক দায়বদ্ধতা হিসেবেই দেখছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira