যুক্তরাষ্ট্রে যে সব কর্মীর কর্মস্থলে নিয়োগকর্তার প্রদত্ত কোনো অবসরকালীন সঞ্চয় বা রিটায়ারমেন্ট প্ল্যান নেই, তাদের জন্য সুখবর নিয়ে আসছে ফেডারেল সরকার। নতুন এই ফেডারেল অবসর সঞ্চয় প্ল্যাটফর্মের নাম দেওয়া হয়েছে TrumpIRA.gov। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশের মাধ্যমে ২০২৬ সালের ৩০ এপ্রিল এই উদ্যোগটি প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের ১ জানুয়ারি এই নতুন ওয়েবসাইটটি যাত্রা শুরু করবে। আইআরএস ও ট্রেজারি বিভাগ যৌথভাবে এই বিশেষ কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে। এই উদ্যোগের প্রধান লক্ষ্য এমন কর্মীরা, যাদের কর্মস্থলে ৪০১ (কে) বা অনু-রূপ নিয়োগকর্তা-প্রদত্ত অবসর পরিকল্পনা নেই। TrumpIRA.gov নামের এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্বাধীন ঠিকাদার, খণ্ডকালীন কর্মী, ছোট ব্যবসার কর্মচারী ও স্বনিযুক্ত ব্যক্তিরা বিভিন্ন কম খরচের ইন্ডিভিজ্যুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট (IRA) সম্পর্কে তথ্য, তুলনা এবং নির্বাচনের সুযোগ পাবেন।
নতুন এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো নিম্ন ও মধ্যম আয়ের কর্মীদের অবসর জীবনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। আইআরএসের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সাল থেকে যোগ্য করদাতারা তাদের ব্যক্তিগত অবসর পরিকল্পনায় বা আইআরএ-তে যে পরিমাণ অর্থ জমা করবেন, সরকার তার সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ম্যাচ করতে পারে। বছরে মোট ২ হাজার ডলার পর্যন্ত অবদানের ওপর এই ৫০ শতাংশ হারে সর্বোচ্চ ১ হাজার ডলার পর্যন্ত ম্যাচ পাওয়ার সুযোগ থাকবে। তবে এই সুবিধা পাওয়ার জন্য করদাতাকে কিছু শর্ত পূরণ করতে হবে।
এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে আয়ের একটি সীমা নির্ধারণ করা হয়েছে। ২০২৭ সালের জন্য এককভাবে কর দাখিলকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ হাজার ৫০০ ডলার এমএজিআই (MAGI) পর্যন্ত এই ম্যাচ সুবিধা প্রযোজ্য হবে। এছাড়া যৌথভাবে কর দাখিলকারী বিবাহিত দম্পতির ক্ষেত্রে এই আয়সীমা ৭১ হাজার ডলার এবং পরিবারের প্রধান বা হেড অফ হাউসহোল্ড হিসেবে কর প্রদানকারীদের ক্ষেত্রে ৫৩ হাজার ২৫০ ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি কর বছরের শেষে আবেদনকারীর বয়স অন্তত ১৮ বছর হতে হবে, অন্য কারো ট্যাক্স রিটার্নে নির্ভরশীল হিসেবে থাকা যাবে না এবং অবশ্যই তাকে যুক্তরাষ্ট্রের কর-বাসিন্দা হতে হবে। শিক্ষার্থী হিসেবে নির্দিষ্ট আইনি সংজ্ঞার মধ্যে পড়লেও যোগ্যতার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকতে পারে। তবে এটি কেবল একটি উদাহরণভিত্তিক হিসাব; বিনিয়োগের নির্দিষ্ট রিটার্নের নিশ্চয়তা নয়।
মনে রাখা প্রয়োজন যে, ২০২৭ সালে অর্থ জমা দিলেই সরাসরি এই অনুদানের অর্থ হাতে পাওয়া যাবে না। আইআরএসের বর্তমান নীতিমালা অনুযায়ী, ২০২৭ সালের অবদানের বিপরীতে যোগ্য ব্যক্তি ২০২৮ সালে ফেডারেল ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় প্রয়োজনীয় ফর্ম পূরণ করে এই ম্যাচের জন্য দাবি জানাতে পারবেন। এছাড়া এই প্রকল্পের স্বচ্ছতা ও কার্যকারিতা বজায় রাখতে প্রশাসনিক ও অন্যান্য ব্যয়ের ক্ষেত্রে নেট এক্সপেন্স রেশিও ০.১৫ শতাংশের মধ্যে সীমিত রাখার একটি মানদণ্ডও স্থির করা হয়েছে। আয় বাড়ার সঙ্গে সঙ্গে ম্যাচের হার কমবে।
TrumpIRA.gov এর একটি উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, ২৫ বছর বয়সী একজন কর্মী যদি নিয়মিত প্রতি মাসে প্রায় ১৬৫ ডলার করে সঞ্চয় করেন এবং বছরে সর্বোচ্চ ১ হাজার ডলারের সেভার্স ম্যাচ পাওয়ার যোগ্য হন, তবে ৬ শতাংশ বার্ষিক রিটার্ন ধরে ৬৫ বছর বয়স নাগাদ তার মোট অবসর তহবিলের পরিমাণ প্রায় ৪ লাখ ৬৫ হাজার ডলারে পৌঁছাতে পারে। এর মধ্যে প্রায় ১ লাখ ৫৫ হাজার ডলার আসতে পারে ফেডারেল সরকারের দেওয়া ম্যাচ বা সরকারি অনুদান থেকে। ২০২৭ সালের জানুয়ারি মাস থেকেই যোগ্য আইআরএগুলোর খরচ ও বিনিয়োগের সুযোগগুলো তুলনা করার সুযোগ পাবেন সাধারণ মানুষ। তবে ২০২৬ সালের জমার ওপর এই সুবিধা প্রযোজ্য হবে না, কারণ কর্মসূচিটি ২০২৭ সালের অবদান থেকেই কার্যকর হতে শুরু করবে।
Leave a Reply