সিলেট বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে, যা জনস্বাস্থ্যকে সংকটের মুখে ফেলেছে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের শনিবারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১৫৮ জন সন্দেহভাজন হাম রোগী বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। বর্তমানে পুরো বিভাগের হাসপাতালগুলোতে মোট ৬৬১ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের শনিবারের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হাসপাতালে ভর্তি রোগীদের বড় একটি অংশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, যেখানে বর্তমানে ৩৭২ জন রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া নতুন ১৫৮ জনের মধ্যে সর্বোচ্চ ৬৪ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৬০ জন ভর্তি হয়েছেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৫৩৯ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭২ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৪ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন এবং উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ভর্তি রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেট জেলায় ৪০৮ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন আক্রান্ত হয়েছেন। তবে শনিবার ৩ অক্টোবর নতুন করে কোনো রোগী নিশ্চিতভাবে শনাক্ত হওয়ার খবর পাওয়া যায়নি। একই সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণ মিলিয়ে এ পর্যন্ত ১৮২ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে। অন্যদিকে, চলতি বছরের ৯ মাসে (১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর) সিলেট বিভাগে হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণ মিলিয়ে এ পর্যন্ত সর্বমোট ১৮২ জনের করুণ মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।
Leave a Reply