রাজধানীর যানজট নিরসনে গৃহিত অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক বা ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এই নির্দেশনা দেওয়া হয়। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু। রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনাটি সমন্বিতভাবে যাচাই-বাছাই করার নির্দেশ দেন। তিনি প্রকল্প বাস্তবায়নের পথে থাকা সব ধরনের বাধা চিহ্নিত করে তা দ্রুত নিরসনের ওপর জোর দেন। প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণ করার পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় সাধনের কথাও বলেন তিনি।
সরকারের শীর্ষ পর্যায় থেকে এই প্রকল্পের কাজে দৃশ্যমান গতি আনার নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহন ও সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরীর যান চলাচল পরিস্থিতি সহজ হবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply